পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৩

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফের পদ থেকে পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কৌশলবিদ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে সরিয়ে দিয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিলভিয়া জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিভাগের (জে-৫) প্রধান ছিলেন। সংবাদমাধ্যমটি বিষয়টি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, এ সপ্তাহে হেগসেথ তাকে বরখাস্ত করেছেন। সিলভিয়াকে সরানোর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

দ্য হিলকে জয়েন্ট স্টাফের এক মুখপাত্র বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, জয়েন্ট স্টাফ ও জয়েন্ট ফোর্স লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া, তার পরিবারের প্রতি দেশের জন্য তার ৩২ বছরের বিশিষ্ট সেবার কারণে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। মুখপাত্র আরও বলেন, তারা নতুন সুযোগ ও জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার সময় আমরা তাদের জন্য শুভকামনা জানাই।

তার স্থলাভিষিক্ত কে হবেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে দ্য হিল। ইরান-সংক্রান্ত মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে বাড়তি নজরের মধ্যে সিলভিয়াকে সরানোর ঘটনা ঘটলো। স্থানীয় গণমাধ্যম আগে জানিয়েছিল, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসের অনুমোদন সাপেক্ষে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

২০২৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া হেগসেথের অধীনে এটি আরেকটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার রদবদল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

 
ইত্তেফাক/এমএস