বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।
প্রথম ইনিংসে অর্ধশতক করা ক্যাম্পবেল বলেন, বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করে সফরকারীরা ম্যাচে গতি পেয়েছিল। তবে দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকরা আবারও লড়াইয়ে ফিরেছে।
দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যাম্পবেল বলেন, “এই মুহূর্তে আমার মনে হচ্ছে, ম্যাচটি বেশ সমানে-সমান অবস্থায় রয়েছে। আমরা যদি আরও একটি বা দুটি বড় জুটি গড়তে পারি, তাহলে আগামীকাল ম্যাচে এগিয়ে থাকবো।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বল হাতে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশের সকালের সেশনে আরও ৭ উইকেট নিয়ে ২৭২ রানে অলআউট করে সফরকারীরা।
তবে শেষ সেশনে বাংলাদেশের স্পিনাররা জ্বলে ওঠেন। দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন তারা। দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এক ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টির বিরতি সফরকারীদের ছন্দে প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেন ক্যাম্পবেল। বিরতির পর খেলা শুরু হলে স্বাগতিক বোলাররা দ্রুতই উইকেট তুলে নেন।
তিনি বলেন, ‘‘বৃষ্টির বিরতির আগেও আমরা ম্যাচে গতি পেয়েছিলাম। বিরতিতে তারা নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এরপর মাঠে ফিরে তারা আরও ভালো জায়গায় বল ফেলেছে।”
এই ধাক্কা সত্ত্বেও কার্যকর লিড গড়ার মতো ব্যাটার দলে রয়েছেন বলে আত্মবিশ্বাসী ক্যাম্পবেল, “আমাদের হাতে যথেষ্ট যোগ্য ব্যাটার রয়েছে। আমরা যদি এখানে একটি বড় জুটি গড়তে পারি এবং এরপর আরও কয়েকটি ৫০ রানের জুটি গড়ি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।”
