নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যায় ‘আসামির নাম বাদ দেওয়া’ নিয়ে ক্ষোভ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১:৩১

বাদী যে নাম দিয়েছে সেটা বাদ দিয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করতে বলা হয়েছে তখনই আমি ওসি ও এসপিকে জানিয়েছি। যদি দেখা যায় বাদী যাদের নাম দিয়েছে তদন্ত তাদের নাম না আসে আপনারা ফাইনাল রিপোট দিয়ে দিবেন কিন্তু বাদি নাম দিয়েছে আপনি বাদ দিয়ে দিবেন এটা ইলিগেল, এটা আপনি করতে পারেন না। আমি রাগারাগিও করেছি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে বৃষ্টিতে ভিজে নিহত ছাত্রদল নেতা শাকিলের কবর জিয়ারত শেষে তার পরিবারে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন, শাকিলকে আমি যখন পিজি হাসপাতালে দেখতে গেলাম, তখনি ওর বাবা আমাকে বলেছিলেন পুলিশ বেশ গাফিলতি করছে। পুলিশ যদি স্টেটমেন্টা কালেক্ট করতো তাহলে কিন্তু আমরা অনেক কিছু দ্রুত গতিতে জানতে পারতাম।

নিহতের ছাত্রদল নেতার পরিবারকে সান্তনা দিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আরেকটা জিনিস চাই যে, এই হত্যাকান্ডকে অন্যদিকে ঘোরানোর জন্য যে কেউ কোনো ষড়যন্ত্র না করতে পারে। জানাযার পরে যে ঘটনা ঘটেছে, কিছু জায়গায় ভাংচুর হয়েছে এগুলো যেন আর না হয়।যেকোনো মূল্যে এই হত্যাকান্ডের বিচার হবে ইনশাআল্লাহ। এবং সেই যেই হোক না কেন অপরাধী অপরাধীই। তার কোনো দল নেই, তার কোনো দেশ নেই তার কোনো কিছুই নেই। ইনশাআল্লাহ সে সাজা পাবে।

তিনি আরও বলেন, হয়তো অনেকই চেয়েছে ও না থাকুক। কারণে থাকলেতো নামগুলো দ্রুত চলে আসতো। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। তবে আমাদের বুকের ওপর একটা বোঝা রেখে গেছে, যতদিন পর্যন্ত বিচার না করতে পারবো ততদিন এই বোঝা নামবে না।
এ ব্যাপারে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবো।

এর আগে বেলা ৩টার দিকে গুরুদাসপুরে চাঁচকৈড়ে নিহত শাকিলের কবর জিয়ারত শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার বাড়িতে পরিবারের সাথে দেখা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তখন তিনি বলেন, নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যার সাথে সরাসরি জড়িত আমেরিকান প্রবাসী রাসেল ও তাঁর বাহিনী। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিষয়ে জানিয়েছি, তারা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে বলে বিশ্বাস রাখি। এমপিপুত্রও সন্দেহের বাইরে নয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বলেন, শাকিল হত্যায় আমেরিকান প্রবাসী রাসেল সরাসরি তার বাহিনীকে নির্দেশ দিয়েছে। তাই রাসেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। এমপিপুত্রও সন্দেহের বাইরে নয়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এসময় কেন্দ্রীয়, বিভাগীয়, উপজেলা ছাত্রদল ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পড়া সন্ত্রাসীরা ছাত্রদল নেতা শাকিলকে গুলি করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তিনি ১২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শাকিলের বাবা এ ঘটনায় মামলা করলেও কোনো গ্রেপ্তার না থাকা শাকিল হত্যার বিচারের দাবি ক্ষোভে ফেটে পড়েন নাটোর ও গুরুদাসপুরের রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণ এ নেতার এমন নৃশংস মৃত্যুতে শোক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে, আহাজারিতে ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা।

জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার গভীর রাতেই পুলিশ হেফাজতে নেয়া হয় নাটোরের গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

২৭ অক্টোবর রাতে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের মরদেহ ঢাকা থেকে গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাযার জন্য আনা হলে বিএনপির শীর্ষ নেতাকর্মীসহ হাজার মানুষের জমায়েত হয়। জানাযায় এপপি আজিজ বক্তব্য শুরু করলে ক্ষোভ জানাতে থাকেন স্থানীয়রা, পরে তিনি শাকিলের পরিবার ২০ লাখ টাকা অনুদান দেয়ার কথা বলতেই রোষানলে পড়েন জনগণের। ভূয়া ভূয়া স্লোগানে চারপাশে উত্তেজনা ছড়ালেও ছেলের ফাঁসি হলেও জনগণের সাথেই থাকার প্রতিশ্রতি জানান এমপি আজিজ।

এরপর মঙ্গলবার রাত ১১ টার দিকে একদল মুখোশধারী লোক চাঁচকৈড় বাজারে শপিংমলে হামলা চালায়।

ইত্তেফাক/এনএ