চাঁদা দাবি, হামলা ও জমি দখলের অভিযোগ: এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২২:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব মিফতাহুল হক তানবীর ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি, নির্মাণাধীন বাড়ি ভাঙচুর, জমি দখলচেষ্টা এবং আদালতের সামনে প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ নুরুল্লাহ সবুজ নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল্লাহ সবুজ লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৯ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে এনসিপি নেতা মিফতাহুল হক তানবীর ও তার ভাই মিরাজুল হক সাব্বিরসহ কয়েকজন তার নির্মাণাধীন বাড়ির কাজ জোরপূর্বক বন্ধ করে দেন। সে সময় তারা একটি গাড়ি ভাঙচুর, নগদ টাকা লুট এবং নুরুল্লাহর বৃদ্ধ মা-বাবাসহ পরিবারের ওপর হামলা চালান। পরবর্তীতে এই ঘটনায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হলে তদন্ত শেষে আসামিদের সম্পৃক্ততা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নুরুল্লাহ সবুজের অভিযোগ, আদালতে মামলা করায় তার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং মামলা না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩ এপ্রিল গভীর রাতে তানবীরের নেতৃত্বে বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়, যার সিসিটিভি ফুটেজও রয়েছে। এর পাশাপাশি এনসিপির আরেক নেতা জুবায়ের আরিফের তদ্বিরে ভুক্তভোগী পরিবারের সদস্যবদের ওপর উল্টো হাটহাজারী থানায় একটি সাজানো মামলা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, সর্বশেষ গত ২৬ অক্টোবর মামলার ধার্য তারিখে আদালত প্রাঙ্গণে জামিনে থাকা আসামিরা তার ওপর আবারও হামলা চালায়। বর্তমানে আসামিরা প্রকাশ্যে তার বাড়ির সামনে মহড়া দিচ্ছে এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। বারবার মামলা ও জিডি করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অন্যদিকে অভিযোগের বিষয়ে এনসিপি নেতা মিফতাহুল হক তানবীর জানান, বিষয়টি সম্পূর্ণ পারিবারিক। নুরুল্লাহ সবুজ তার সৎ মামাতো ভাই উল্লেখ করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছিল। সম্প্রতি দেয়াল ভাঙার মামলায় তাকে আসামি করা হলেও তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

 
ইত্তেফাক/এএম