চলন্ত ট্রেনের ছাদে যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিচে ফেলে হত্যাচেষ্টা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০

ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের ছাদে মো. আনোয়ারুল ইসলাম (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নিচে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছার আগমুহূর্তে চলন্ত অবস্থায় এ নারকীয় ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. রিটন মিয়ার ছেলে বলে পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী স্থানীয় তরুণ মাহিয়া জানান, বৃহস্পতিবার রাতে রেললাইনের পাশ দিয়ে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। হঠাৎ লাইনের পাশ থেকে এক যুবকের আর্তচিৎকার ও ‘আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’ আকুতি শুনতে পান। শব্দ লক্ষ্য করে দ্রুত এগিয়ে গিয়ে তারা দেখতে পান, মাটিতে পড়ে থাকা যুবকের পেটসহ শরীরের বিভিন্ন অংশ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে।

পরিস্থিতি বেগতিক দেখে মাহিয়া ও তার সঙ্গীরা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত আনোয়ারুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক জানান, যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ সামাল দেওয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়েছে।

চলন্ত ট্রেনে এমন নৃশংস ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই অবগত নন।

অন্যদিকে খবর পেয়েই তৎপর হয়েছে থানা পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। হামলার কারণ উদ্‌ঘাটন ও জড়িত দুর্বৃত্তদের শনাক্তে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ইত্তেফাক/এনএন