ছাত্রদল নেতা শাকিল হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন আলামিন (২৬) ও আনিসুর (২৫)। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডে আটক ব্যক্তির সংখ্যা বাড়ল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই মামলায় নাটোরের বড়াইগ্রাম এলাকার সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে তার নিজ বাসা থেকে আটক করেছিল গোয়েন্দা পুলিশের একটি দল।

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ২৬ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যান তারা।

এতে শাকিলের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আলামিন ও আনিসুর নামে দুজনকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/এসএ