ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (৩০ অক্টোবর ) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে। পরে মেরামতের পর সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় অতিক্রম করার সময় ইঞ্জিনসহ ক, গ, ঘ বগি থেকে ‘খ’ পাওয়ার কার এবং ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড (মোট ৮টি) বগি হুক ভেঙে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি ইঞ্জিনসহ ক, গ, ঘ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায়। এই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
