ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২৩:০৭

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। সতীর্থ লেগস্পিনার ইশ সোধিকে টপকে তিনি এখন ভারতের বিপক্ষে কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে এককভাবে শীর্ষ উইকেট সংগ্রাহক। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ উইকেটের অভিজাত মাইলফলকও অতিক্রম করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) অকল্যান্ডে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক ২৪ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ভারতের ব্যাটার অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডিকে সাজঘরে ফিরিয়ে তিনি ভারতকে কাবু করার পাশাপাশি এই অনন্য অর্জন নিজের ঝুলিতে পুরেন।

ভারতের বিপক্ষে ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে স্যান্টনারের বর্তমান উইকেট সংখ্যা দাঁড়াল ৩২-এ (গড় ২৬.০৬)। এর আগে ভারতে বিপক্ষে ৩০ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন ইশ সোধি। এই সংস্করণে ভারতের বিপক্ষে স্যান্টনারের সেরা বোলিং ফিগার ১১ রানে ৪ উইকেট।

এছাড়া নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন স্যান্টনার। ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচে বর্তমানে তার মোট ঝুলিতে রয়েছে ১৫১টি উইকেট (গড় ২৩.০৯)। কিউইদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় স্যান্টনারের ওপরে আছেন কেবল ইশ সোধি (১৬৫ উইকেট) এবং সাবেক পেসার টিম সাউদি (১৬৪ উইকেট)।

ইত্তেফাক/এএম