সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসকদের প্রতি বিএমইউ উপাচার্যের আহ্বান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২৩:৩৪

সোরিয়াসিস রোগ সম্পর্কে চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সোরিয়াসিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি, প্রচলিত ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নজমুল হোসেন।

বক্তারা বলেন, সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত ত্বকের রোগ, যা কোনোভাবেই ছোঁয়াচে নয়। এ রোগ নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, তাঁদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের বৈজ্ঞানিক অধিবেশন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এএম