৪২ দিনের জন্য হ্যান্ডবলে আসছেন পর্তুগিজ কোচ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১৮

হ্যান্ডবল ফেডারেশন স্প্যানিশ নারী কোচ এনেছিল। তাকে বিদায় দেওয়া হয়েছে। এবার পর্তুগিজ কোচ আনা হচ্ছে। পুরুষ কোচ আসছেন দেশের জাতীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষণের জন্য। ৭ নভেম্বর ঢাকায় আসবেন মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। ঢাকায় এসে একদিন পরেই মাঠে অনুশীলনে নামবেন। এপ্রিলে পাকিস্তানে এস এ গেমস। মূলত এই গেমসকে লক্ষ্য রেখে পর্তুগিজ কোচ আনা হচ্ছে। 

মিগুয়েল ডি অলিভেইরা নুনেস বিশ্বকাপে খেলেছেন, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন। তার কোচিং অভিজ্ঞতাও ভালো বলে দাবি করে হ্যান্ডবল ফেডারেশন। মিগুয়েল ডি অলিভেইরা নুনেসকে যাচাই করে দেখতে চায় ফেডারেশন। ৪২ দিনের জন্য একটা পরীক্ষামূলক কাজও তাকে দেওয়া হবে। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখাস্তানে অনুষ্ঠিত হবে এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। নারীদের দলটাও তার হাতে তুলে দেওয়া হবে। পুরুষদের জন্য কাজ করবেন তবে নারী দলের দায়িত্বটাও তাকে দেওয়া হবে যদি আলোচনা ফলপ্রসূ হয়। 

মিগুয়েল ডি অলিভেইরা নুনেস ঢাকা এসে দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে চূড়ান্ত হবে তিনি কীভাবে করবেন। প্রাথমিক আলোচনা হয়ে আছে। ফেডারেশন চাইছে নারী পুরুষ দল ছাড়াও তৃণমূলের হ্যান্ডবল উন্নয়নে তাকে কাজে লাগানো, তার মেধা কাজে লাগানো। ফেডারেশন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ
বলেন, 'যদি তিনি রাজি হন।'

তিনি বলেছেন, 'আমরা পর্তুগিজ কোচকে দেখার জন্য ৪২ দিন সময় নিয়েছি। যদি তার পারফরম্যান্স ভালো হয়, সবকিছু পরিকল্পনা মতো উন্নতির পথে হাঁটতে শুরু করে, তাহলে ভেরি গুড। আমরা মিগুয়েল ডি অলিভেইরা নুনেসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করব, তা না হলে বিদায়।' হ্যান্ডবল ফেডারেশন চাইছে ইউরোপীয়ান ধাচে খেলবে তার খেলোয়াড়রা। নতুন স্টাইলে ধাতস্থ হোক। টাকা যখন খরচই করতে হবে তাহলে হাই প্রোফাইল কোচ এনে ইউরোপীয়ান স্টাইল রপ্ত করুক।

এসএ গেমসে স্বর্ণপদক পায় না বাংলাদেশ। এই আক্ষেপ ঘুচাতে ইউরোপীয়ন কোচ এনে চেষ্টা করতে চায় ফেডারেশন। সাধারণ সম্পাদকের দাবি তিনি গত দুই বছরে খেলোয়াড় বের করে আনার পাইপ লাইন তৈরি করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, 'সিনিয়র লেভেল, বয়সভিত্তিক লেভেল, যেটাই বলি না কেন। পাইপ লাইন হয়ে গেছে। খেলোয়াড়ের কমতি নেই। আগামী পাঁচ বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে আশা করি।' 

অন্য এক প্রশ্নে সালাউদ্দিন বলেন, 'আগে কি হয়েছে আর কি হয়নি সেটা বললে আমিও দায় এড়াতে পারি না। আমার কথা হচ্ছে শুরুটা করতে হবে। আমরা সবাই মিলে শুরু করার চেষ্টা করছি। আমার আস্থা আছে। বিশ্বাস আছে। দেশের হ্যান্ডবল আলোচনায় থাকবে।'

ইত্তেফাক/জেডএইচ