এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় বিপর্যয় ঘটেছে। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের পরীক্ষায় এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম। পরে ঘোষিত ফলাফল পর্যালোচনায় এই চিত্র দেখা গেছে।
সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোন কোন বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছেন এবং কোন এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল তুলনামূলক খারাপ হয়েছে, তা বিশ্লেষণ করা হবে। ফলাফলের এই অবনতির কারণ চিহ্নিত করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিস্থিতিও ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হতে পারে। তবে শিক্ষার মান ও বোর্ডের সার্বিক ফলাফল উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত ২০ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৬ সালের পর এ বছরই সিলেট বোর্ডে পাসের হার সর্বনিম্ন। অর্থাৎ দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার।
২০০৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৪০ শতাংশ। ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পাসের হার ওঠানামা করলেও এবার তা আবার ৫০ শতাংশের ঘরে নেমে এসেছে। গত বছর ২০২৫ সালে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার আরও কমেছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ। পরবর্তী বছরগুলোতে তা বেড়ে ২০১০ সালে ৭৬ দশমিক ১২ শতাংশে পৌঁছায়। ২০১২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ, যা করোনা মহামারির আগের সময়ের মধ্যে সর্বোচ্চ।
২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাসের হার কমতে থাকে। ২০১৩ সালে ৭৪ দশমিক ৩০ শতাংশ থেকে নেমে ২০১৯ সালে দাঁড়ায় ৬৭ দশমিক ০৫ শতাংশে।
করোনা মহামারির সময় পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আসে। ২০২০ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ১০০ শতাংশ। পরবর্তী বছরগুলোতেও সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নের প্রভাবে পাসের হার তুলনামূলক বেশি ছিল। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পাসের হার ৯৪ দশমিক ৮০ থেকে ৮৫ দশমিক ৩৯ শতাংশের মধ্যে ছিল।
২০২৫ সালে ফলাফলে বড় পরিবর্তন আসে। ওই বছর পাসের হার নেমে দাঁড়ায় ৫১ দশমিক ৮৬ শতাংশে। এবার তা আরও কমে ৫০ দশমিক ৯০ শতাংশ হয়েছে। ফলে গত দুই বছরের ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ধারাবাহিকভাবে কমেছে।
