চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান, অবস্থান শনাক্ত ও নজরদারির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, সানি বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। আগে বিদেশে থাকা সানি বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসে। এরপর থেকে সে চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বড় সাজ্জাদ ও বোরহানের হয়ে বিভিন্ন অপরাধ পরিচালনা করত সে।
পুলিশের দাবি, বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ আরও জানায়, চাঁদা দাবির পর নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কিংবা চাঁদা আদায় করতে ব্যর্থ হলে সানির নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো হতো। গ্রেপ্তার সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। অডিওসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদাবাজির সঙ্গে সানির সংশ্লিষ্টতা, তার সহযোগীদের পরিচয় এবং অপরাধী চক্রের কার্যক্রম উদ্ঘাটনে তদন্ত চলছে।
জেলা পুলিশ জানায়, পুলিশের ধারাবাহিক অভিযান ও গ্রেপ্তার তৎপরতার মুখে বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের নির্দেশনায় অপরাধে জড়িত চক্রের সদস্যরা চট্টগ্রাম ছেড়ে অন্য জেলায় আত্মগোপন করছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
