২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। এমনকি আর্জেন্টিনা ইচ্ছা করে ম্যাচ হেরেছে বলেও দাবি করেছেন কেউ কেউ। তবে সব ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন ও এস্তেবান এদুলের অনুষ্ঠান ‘লস এদুল’-এ দেওয়া সাক্ষাৎকারে ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘এসব ষড়যন্ত্রতত্ত্ব শুনলে আমার হাসি পায়। পুরো ৫১ দিনের সফর আর আমাদের পরিশ্রম আমি নিজের চোখে দেখেছি। আরও একটি দিন বিশ্রাম পেলে আমরা ভালো অবস্থায় থাকতাম। বিশ্বকাপের ফাইনালে কে হারতে চায়?’
সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য যাচাই না করেই বিশ্বাস করার প্রবণতারও সমালোচনা করে এই আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে যা আসে, মানুষ তা-ই বিশ্বাস করে। এসব তত্ত্ব কোথা থেকে এসেছে, সেটাই বুঝতে পারি না।’
এর আগে একই অনুষ্ঠানে বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়ানো অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন এনজো ফার্নান্দেজও। এমনকি তার পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
এনজো বলেছিলেন, ‘আমার মা-বাবা ফোন করে জানতে চাইছিলেন, কী হয়েছিল। আসলে কিছুই হয়নি। সব মিথ্যা, সব বানানো কথা। স্পেন আমাদের যোগ্যভাবেই হারিয়েছে। প্রতিপক্ষকে অভিনন্দন জানানো উচিত।’
