হিন্দু ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক ইয়োসেফ (ইয়োসি) মিজরাহি। তার মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার বক্তব্যকে বর্ণবাদী ও হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন।
ভিডিওতে মিজরাহি এক ভারতীয় ব্যক্তির প্রসঙ্গ টেনে বলেন, ওই ব্যক্তি তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণ করতে আগ্রহী ছিলেন। তবে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা গরুর পূজা করেন এবং গোমূত্র পান করেন বলে দাবি করেন তিনি।
ভিডিওতে মিজরাহিকে বলতে শোনা যায়, ‘আপনারা সেই ভারতীয়দের চেনেন, যারা গরুর পূজা করে? হিন্দুরা।’ এ সময় তিনি দাবি করেন, কিছু মানুষ মেঝে থেকে গোমূত্র চেটে পান করেন।
ভারতীয়দের নিয়ে মন্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এসব কাজ যারা করেন, তাদের মধ্যে চিকিৎসকেরাও রয়েছেন। ভারতীয়দের মতো না বানানোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
এ ছাড়া নয়াদিল্লিতে একজন চিকিৎসকের সঙ্গে কাল্পনিক কথোপকথনের উদাহরণ টেনে ভারতীয়দের নিয়ে উপহাস করেন মিজরাহি। তার বক্তব্যে যানজটে গরুর রাস্তা আটকে রাখার প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ গরুটিকে রাস্তা থেকে সরাতে চাইবে না।
তার এসব মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলি গবেষক ও লেখক ইয়েশায়া রোজেনম্যান। তিনি বলেন, মিজরাহির বক্তব্য ইসরায়েলের ভাবমূর্তির যে ক্ষতি করেছে, তা বিস্ময়কর। তাঁর অভিযোগ, বিভিন্ন ধর্মের অনুসারী, প্রতিবন্ধী ব্যক্তি ও ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়েও অতীতে একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন মিজরাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে। ব্যবহারকারীরা এসব মন্তব্যকে বর্ণবাদী ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মিজরাহি দাবি করেছিলেন, হলোকাস্টে ১০ লাখেরও কম ইহুদি নিহত হয়েছেন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি গণহত্যায় প্রায় ৬০ লাখ ইহুদি প্রাণ হারান। পরে নিজের ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি।
সূত্র: উইয়ন নিউজ
