মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৭০ রানের টার্গেট অনায়াসে পূরণ করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়ানরা।
তবে ১৭০ রান ডিফেন্ড করা সম্ভব ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
হারের পর সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করে শান্ত বলেন, ‘১৭০ হওয়ার পরে আমাদের বিশ্বাস ছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। উইকেটের যে অবস্থা ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। অবশ্যই ওদের একটু কৃতিত্ব দিতে হবে। তবে আমি বলবো, এই উইকেটে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। আমরা খুব বেশি ভালো বল করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, লেংথটা আমরা খুব ভালোভাবে পিক করতে পারিনি। লেংথটা একটু এলোমেলো ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটিং দেখেন, আমরা মাত্র দুটি উইকেট নিয়েছি। এই জায়গায় ম্যাচ হারলেও অন্তত সাত-আটটি উইকেট নিতে পারলে হয়তো বুঝতাম যে আমরা রানটা অনেক কম করেছি।’
অন্যদিকে, ক্যারিবীয়ান স্পিনারদের সামলাতেও ব্যর্থতার কথা স্বীকার করেছেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা কখনো স্পিন ভালো খেলি, কখনো পেস বল ভালো খেলি। তবে আমাদের যে ব্যাটিং, তাতে ওদের স্পিনারদের অবশ্যই আরেকটু ভালোভাবে সামলাতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারিনি।’
