জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রী নিয়ে অটোরিকশাটি পুনটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নূরনবী নিহত হন।
আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল মারা যান।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত চালককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
