ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪০

যশোরের কেশবপুর উপজেলায় ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী–পুরুষের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ দুটি হেফাজতে নেয় কেশবপুর থানা–পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে দুজন নারী–পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি হেফাজতে নেয়। নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।

গতকাল রাত ১০টার পর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছেন না। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। 

পাশাপাশি লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।

ইত্তেফাক/এনটিএম