সেন্টমার্টিনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় শুরু হয়নি জাহাজ চলাচল। শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের তরফ থেকে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম গণমাধ্যমকে বলেন, পর্যাপ্ত কাগজপত্র দিতে না পারায় এখনও কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। যতটুকু জেনেছি, ট্যুরিজম বোর্ডের কাজগুলোও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক করবেন। এর পর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, জাহাজ চলাচল শুরু করতে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রের পাশাপাশি নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট ও কক্সবাজার জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন। তবে অনুমোদনের এ প্রক্রিয়া শেষ করা যায়নি। পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার চালু করার কথা, সেটিও প্রস্তুত হয়নি। এ কারণে রোববার থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে বৃহস্পতি বা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি চলছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রোববার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজগুলোর ফিটনেস ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই অনুমতি দেওয়া হবে। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হতে পারে।
