আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন—গোলাম পরওয়ারকে শাহে আলম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ পাবেন। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘যারা চালক, বর্তমানে যারা বৈধ বা অবৈধভাবে ই-রিকশা চালাচ্ছেন, তারা আতঙ্কিত হবেন না। আমরা পর্যায়ক্রমে নিবন্ধন দেবো এবং অবৈধগুলো সরিয়ে দেবো।’

জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০ ই-রিকশা থাকার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উত্তরের প্রশাসক বলেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেলের নাকি ৭০০ ই-রিকশা আছে। তাহলে আমি জামায়াতের সেক্রেটারিকেও বলব, আপনিও আতঙ্কিত হবেন না। আপনি চাইলে পাঁচটি ই-রিকশার নিবন্ধন বৈধভাবে নিতে পারবেন। আর বাকিগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।’

 
ইত্তেফাক/এমএসআর