কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালীতে একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার মামুনের একটি মাছের ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবা-মায়ের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
