হেসে-খেলে ভারতকে হারিয়ে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

টানা তিন জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। চতুর্থ ম্যাচে এসে জয়খরা কাটায় নিউজিল্যান্ড। আর পঞ্চম টি-টোয়েন্টিতেও সহজ জয়ের দেখা পেয়েছে কিউইরা। ভারতকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। 

রোববার (১ নভেম্বর) হামিল্টনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার। ১০ বলে ৪ রানে সাঞ্জু স্যামসন ও ২ বলে ১ রানে অভিষেক শর্মা আউট হন।

তৃতীয় উইকেট চাপ সামলে নেন দলনেতা শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। ৩২ বলে ৬১ রানে আউট হন ঈশান। আর ২৩ বলে ৫০ রান করেন আইয়ার। এছাড়া নমন ধীর ৩৩, নিতিশ কুমার রেড্ডি ২২ রান করেন। 

এতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে সফরকারীরা। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার অ্যাডাম মিলনে। ৪ ওভারে মাত্র ১৯ রানের খরচায় ৪টি উইকেট নেন তিনি। 

১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩ বলে ২ রান করেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফিন অ্যালেন। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় কিউইরা। ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ওপেনার টিম শেইফার্ট। মাত্র ১৬ বলে ২৯ রান করে আউট হন মিচেল।

এরপর তৃতীয় উইকেট জুটিতে জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। গ্লেন ফিলিপসকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন শেইফার্ট। ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে ছিলেন কিউই ওপেনার। কিন্তু ৭ রানের আক্ষেপ থেকে যায় যায়। মাত্র ৫০ বলে ৯৩ রানে আউট হন শেইফার্ট। 

এদিকে জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। মাত্র ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ১ রানে অপরাজিত থাকেন বেভন জ্যাকবস। এতেই ১২ বল হাতে রেখে বড় জয় পায় কিউইরা। 

ইত্তেফাক/জেডএইচ