ধর্ষণচেষ্টার অভিযোগ

চিৎকার করায় ইট দিয়ে শিশুর নাক-মুখে আঘাত, যুবক গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:২৪

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা এবং ধর্ষণে বাধা দেয়ায় ইট দিয়ে শিশুটির নাক-মুখ থেতলে দেয়ার মামলায় অভিযুক্ত সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম বিপ্লব (২২)। সে টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

এর আগে স্থানীয় লোকজন বিপ্লবকে আটক করে গণপিটুনি দেয়।

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। শহরের পার্ক বাজার এলাকা থেকে রোববার দুপুর ১২টার দিকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে শনিবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল সদর আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর আশ্বাসসহ তার  চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়। তাই রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শনিবার শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ীর চতুর্থ তলায় চীপসের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বিপ্লব। এতে শিশুটি বাধা দিলে বিপ্লব তাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলা করেন।

ইত্তেফাক/এপি