একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (UNIRAZAK) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)।
গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিরাজাক ক্যাম্পাসে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং নতুন যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা এবং পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও এ চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে উভয় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা একটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন। এতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা, ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের রূপরেখা প্রণয়ন এবং প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস-চেয়ারম্যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
অন্যদিকে, UNIRAZAK-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর YBhg. Prof. Datin Paduka Dr. Samsinar Md. Sidin; চিফ অপারেটিং অফিসার Mr. Mohamed Fairuz Mohamed Noor; ডেপুটি ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) Prof. Ir. Ts. Dr. Mohammed Reyasudin; ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) Dr. Sulastri Yahya; ডিরেক্টর, রিসার্চ অ্যান্ড পার্টনারশিপ Dr. Ir. Ts. Keith Chong Peng Lean; সিনিয়র ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড সেলস Mr. Muhammad Asyraf Samsuldin; অধ্যাপক Prof. Dr. Gazi Md. Nurul Islam এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিলেশনস Mr. Wee Ma Ling।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস-চেয়ারম্যান এবং UNIRAZAK-এর পক্ষে ভাইস-চ্যান্সেলর YBhg. Prof. Datin Paduka Dr. Samsinar Md. Sidin সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকের কপি বিনিময় করেন।
এই অংশীদারত্ব আন্তর্জাতিকায়ন, একাডেমিক উৎকর্ষ, গবেষণায় উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নে অবদান রাখার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
