জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারত পাচারের উদ্দেশ্যে মজুত করা ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র পাথরটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছে। এমন তথ্যে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন, পুলিশের এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় পাথরটির একটি খণ্ডসহ কৃষ্ণকে আটক করা হয়। আটক কৃষ্ণ খামারপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা পাথরটি ডিজিটাল স্কেলে পরিমাপ করে ২১৫ কেজি ওজন পাওয়া যায়। পাথরটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে এবং বেলে পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এরআগে গত রোববার (২৫ অক্টোবর) রাত ১২টায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরটি উদ্ধার করা হয়।
