সাফে দর্শকের জন্য কঠিন বার্তা

আজ আসছে ভুটান, কাল আসবে ভারত-পাকিস্তান 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১

আগামী বৃহস্পতিবার ঢাকায় দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর, সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াতে যাচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে ৫ নভেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় খেলায় মাঠে নামবে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশের ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সাফে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। শক্তিশালী ফুটবল দল নেপাল ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারেনি, এবার সাফে খেলা হচ্ছে না।

আজ থেকে বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করবে। আজ ঢাকায় আসার কথা রয়েছে ভুটানের। আগামীকাল অন্য দেশগুলো চলে আসবে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত তাদের সিনিয়র দল নিয়ে আসছে না। দ্বিতীয় দল খেলবে সাফে। আগেও দ্বিতীয় খেলেছিল। চ্যাম্পিয়নও হয়েছিল তারা। ভারতের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এর আগে ভারত উরুগুয়ে, পানামা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলেছে। ভারত সাফ নিয়ে ভাবছে না। তবে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার থাকবেন সাফে।

সাফ আয়োজনে এবার অনেক কিছুই ভিন্নভাবে করা হচ্ছে। সাফের টুর্নামেন্টের স্বত্ব নিয়েছে টিএসএ নামের একটি প্রতিষ্ঠান। তারা সাফের গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। সাফে এবার ভিডিও অ্যাসিসটেন্ট (ভিএআর) থাকছে। সাফ অঞ্চলে ভিএআর পরিচালনা করার মতো অভিজ্ঞ রেফারি নেই। আসিয়ান অঞ্চল থেকে ১২ জন রেফারি আসবেন, যার মধ্যে ৬ জন রেফারি এবং ৬ জন সহকারী রেফারি থাকবেন। ভিএআর এবারই প্রথম সাফে পরিচালনা করা হবে। ভিএআর এর বিষয়ে সব ধরনের সাপোর্ট করবে এএফসি। সবকিছু ঠিকঠাক থাকলে ভিএআর পরিচালিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সাফ চেষ্টা করছে সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহার হোক।

সাফের খেলা চলাকালীন দর্শকের জন্য কঠিন বার্তা থাকবে। দর্শকদেরকে খেলা চলাকালীন কিছু কিছু বিষয়ে নজর রাখতে অনুরোধ করা হবে। কোনোভাবেই গ্যালারিতে ঢিল ছোড়া যাবে না। বোতল ছোড়া যাবে না। পানি খেলে খালি বোতল মাঠে ছুড়ে মারা হলে এএফসি জরিমানা করবে বাংলাদেশকে। এএফসির প্রতিনিধি মাঠে উপস্থিত থেকে সবকিছু নজরে রাখবে। কঠিন নজরদারি করা হবে, যে দর্শকদের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটে। এমনকি কোনো দর্শক যদি বাজে কথা বলে চিৎকার করেন। তাহলেও সেটি দর্শকের জন্য বিব্রতকর পরিস্থিতি ডেকে আনতে পারে। 

অনেক সময় গ্যালারিতে দাঁড়িয়ে দর্শক অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। দলের রেজাল্ট পছন্দ না হওয়ার কারণে গালমন্দ করেন। কিংবা গোল না করতে পারায় গালমন্দ করা হয়। যদি এ ধরনের কোনো ঘটনা এএফসি প্রতিনিধির কানে আসে তাহলে সেটির সমাধান করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে। 

ধর্মীয় কোনো প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। শুধু ধর্মীয় না, রাজনৈতিক কোনো ব্যানার স্টেডিয়ামের গ্যারারিতে প্রদর্শন করা যাবে না। যদি এ রকম কিছু দৃশ্যমান হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। সাফে একদিনে দুই ম্যাচ, টিকিট ১ হাজার টাকা। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্যয় বেড়েছে।

সাফে খেলতে পারছেন না রোনান সুলিভান। তিনি আসতে পারছেন না। কারণ কলেজের খেলায় ইনজুরি হয়েছে। মেডিক্যাল পরীক্ষা করার পর দেখা যায় রোনান সুলিভানের হাঁটুতে ইনজুরি হয়েছে। তাকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাই আসতে পারছেন না যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান। তার না আসা নিয়ে সামিত সোম বলেছেন, এটা খুবই খারাপ খবর। রোনাল সুলিভান ট্যালেন্ট ফুটবলার। সে আসতে না পারায় অন্যভাবে সমাধান করতে হবে।

ইত্তেফাক/জেডএইচ