চীন বিতর্কের পর মাঠে এমবাপ্পের গোল, বড় জয় রিয়াল মাদ্রিদের 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

চীন বিতর্কের রেশ কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে তার গোল করার দিনে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং স্যান্টান্ডারকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে।

গত সোমবার ব্যালন ডি’অরের ভোটাভুটিতে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ব্যবধানে হেরে দ্বিতীয় হন এমবাপ্পে। এরপর চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে তার একটি রসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। পরে ক্ষমা চাইলেও সেই আলোচনা থামেনি। ঘটনার রেশ ধরে এ সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ স্প্যানিশ লিগের কোনো খেলাই সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।

রিয়ালের জার্সিতে ৫০তম গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহাম

তবে বিতর্কের মাঝেও ঠিকই গোল করে চলছেন এমবাপ্পে। রোববার (১ নভেম্বর) সার্দিনেরো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এই ফরাসি তারকা। 

২১ মিনিটে বেলিংহাম রিয়ালের লিড দ্বিগুণ করেন। হাফওয়ে লাইন থেকে বল টেনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।

রিয়াল মাদ্রিদের পক্ষে তৃতীয় গোলটি করেন ইয়ান দিয়োমান্দে

তারপর হাফটাইমের আগে তৃতীয় গোল করেন রিয়ালের রেকর্ড চুক্তি ইয়ান দিয়োমান্দে। কর্নার কিক হাফ ক্লিয়ারের পর দারুণ ভলিতে ৩-০ করেন তিনি।

এই জয়ে টানা ছয় ম্যাচে জয় পেল রিয়াল। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে তিন পয়েন্টে।

ইত্তেফাক/জেডএইচ