যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন সপ্তাহের ছুটিতে নাইটলাইফ এলাকা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর অদূরে ধারাবাহিক বন্দুক হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ডালাসে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে একাধিক অঙ্গরাজ্যের এই সংঘাতের খবর তুলে ধরা হয়েছে।
সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটে ডালাসের ডিপ এলুম নাইটলাইফ এলাকায়, যেখানে শনিবার রাতে এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে পৃথক তিনটি গোলাগুলিতে চারজন নিহত এবং ১৫ জন আহত হন। ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, এই ঘটনার পেছনে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে তা জানা যায়নি।
ড্যানিয়েল কোমো বিশৃঙ্খলা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘এটি একটি বিশাল ঘটনাস্থল। এটি বেশ বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।’ ঘটনার আগে ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল এবং কোনো পুলিশ সদস্য এতে আহত হননি।
বার্মিংহামের লেজিয়ন ফিল্ডের কাছে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল খেলা শেষে শনিবার রাতে জোড়া গোলাগুলিতে একজন নিহত এবং আটজন আহত হন। বার্মিংহামের মেয়র র্যান্ডাল উডফিন এক সংবাদ সম্মেলনে জানান যে নিহত এবং আহতরা ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের অংশ ছিলেন।
বার্মিংহামের পুলিশ প্রধান মাইকেল পিকেট জানান, বেশিরভাগ দর্শক স্টেডিয়াম ছাড়ার পরেই গ্রেমন্ট অ্যাভিনিউতে এই গোলাগুলি শুরু হয়। পুলিশ মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছে নাইটলাইফ এলাকায় গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নিউয়ার্ক পুলিশের লেফট্যানেন্ট গ্রেগ ডি’এলিয়া। এছাড়া ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছে গোলাগুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং অপর এক নারী গুরুতর আহত হন।
আরাকানসাস বিশ্ববিদ্যালয়ের কাছে এক সংঘর্ষের জেরে গোলাগুলিতে ছয়জন আহত হন বলে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সেখানে তাৎক্ষণিকভাবে কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এছাড়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড এবং মিশিগানের ম্যাডিসন হাইটসের স্পিরিট হ্যালোইন স্টোরে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় একজন গর্ভবতী নারীসহ দুজন নিহত হন।
সূত্র: ফ্রান্স ২৪
