ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৩:১৮

ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় তেল আবিবের সামরিক বাহিনী তাদের একাধিক ফ্রন্টে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সোমবার (২ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে রয়া নিউজ এই খবর জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েল তাদের বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক গোয়েন্দা বিভাগকে চরম সতর্কাবস্থায় রেখেছে। বর্ধিত এই সতর্কতার মধ্যে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক গোয়েন্দা কার্যক্রম।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরায়েল এবং মার্কিন পেন্টাগন অভূতপূর্ব মাত্রার নিরাপত্তা ও অপারেশনাল সমন্বয়ে পৌঁছেছে। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটন তেল আবিবকে তা আগে থেকেই জানিয়ে দেবে এমন একটি বোঝাপড়া হয়েছে। এই সম্ভাব্য পূর্ব সতর্কবার্তা ইসরায়েলকে সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়ার বিরুদ্ধে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করার সময় করে দেবে।

মংলবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালুর সম্ভাবনার জন্য ওয়াশিংটন ও তেল আবিব প্রস্তুতি নিচ্ছে বলে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়ার মধ্যেই এই প্রতিবেদন সামনে এল।

এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ট্রাম্প অনুরোধ করলে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যোগ দিতে প্রস্তুত রয়েছে। ইসরায়েলি ও আমেরিকান সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পূর্ববর্তী সপ্তাহে ইসরায়েলের নেভাতিম এবং উভদা বিমানঘাঁটিতে দশটির বেশি মার্কিন সামরিক পরিবহন বিমান পৌঁছেছে এবং অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

এদিকে জেরুজালেম পোস্টের পৃথক এক প্রতিবেদনে ওয়ালা এবং আমেরিকান সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ওপর আরেকটি হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু ইরানি সরকার পতনের লক্ষ্যে একটি যৌথ আক্রমণের অনুরোধ জানান এবং ইসরায়েলি কর্মকর্তারা নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি আপডেট করা তালিকা তুলে ধরেন।

সূত্র: রয়া নিউজ

ইত্তেফাক/টিএইচ