ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ মুসল্লি নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২১:২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাশেম বেপারী (৭০) নামে আরও এক বৃদ্ধ।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। অপর নিহত কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে কয়েকজন বৃদ্ধ বাড়ির উদ্দেশে বের হন। এ সময় তারা মসজিদের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ সিরাজদিখান থেকে বালুচরের দিকে যাওয়া নম্বরপ্লেটবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে পড়ে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছিল, তা তার মনে নেই।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
ইত্তেফাক/এমএসআর