লিওনেল মেসির কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। রোববার (১ নভেম্বর) মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। শেষ দিকে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।
এই গোলের ফলে চলতি মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬’এ। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন তিনি। এর মাধ্যমে তৈরি হয়েছে বিশেষ এক সম্ভাবনা।
২০০৫ সালে গোল ও অ্যাসিস্টের ভিত্তিতে পয়েন্ট পদ্ধতির পরিবর্তে শুধু গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়ার নিয়ম চালুর পর থেকে কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম এমএলএস গোল্ডেন বুট জিততে পারেননি। দুই খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর বিষয়টি বিবেচনা করা হয়।
নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা এখন গোল্ডেন বুট ধরে রাখার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। মজার বিষয় হলো, একাধিক খেলোয়াড় একাধিকবার এমএলএস গোল্ডেন বুট জিতলেও ২০০৫ সালে গোলভিত্তিক পদ্ধতি চালুর পর কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি।
ক্রিস ওয়ানডোলোস্কি ২০১০ ও ২০১২ সালে এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস ২০১৪ ও ২০১৬ সালে গোল্ডেন বুট জিতেছিলেন। তবে কেউই টানা দুই মৌসুম পুরস্কারটি ধরে রাখতে পারেননি। এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ মেসির সামনে।
২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। আরেকটি গোল্ডেন বুট জয় মেসির অসাধারণ ক্যারিয়ারে যোগ করবে নতুন এক কৃতিত্ব।
