বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে এলেন অমিতাভ বচ্চন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩

মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের।

গত রোববারও ভক্তদের সামনে এসেছিলেন তিনি, তবে এবার তাকে দেখা গেছে বিশেষ এক বুলেটপ্রুফ কাচের বক্সের ভেতর।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি সুরক্ষা হিসেবে এই স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

কাচের বাক্সের ভেতরে দাঁড়িয়েই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান তিনি। আর পুরো সময়টায় তার পাশে ছায়ার মতো ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছিলেন সেখানে।

কেন এই নজিরবিহীন নিরাপত্তা? জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। ওই মেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। 

৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই হামলা হতে পারে বলে উল্লেখ থাকায় মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সম্প্রতি জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। 

সেই ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকার বাড়ির বাইরে আগে থেকেই রেকি করেছিল অভিযুক্তরা।

এমন আতঙ্কজনক পরিস্থিতিতে তাই অমিতাভ বচ্চনের বাড়ি ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড ও বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণ।

তবে এত সব বাধা ও হুমকির মুখেও থেমে থাকেনি অমিতাভের রোববারের ঐতিহ্য। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের এই আত্মিক যোগাযোগ ঠিকই বজায় রেখেছেন বর্ষীয়ান এই মেগাস্টার।

ইত্তেফাক/পিএস