কুমিল্লায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১, আটক ৩৮৫

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে উসকানি দিচ্ছিলেন মাসুদ রানা। তাকে এ ঘটনায় মূল উসকানিদাতা হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, এমন এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম