পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায়

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। চলতি সপ্তাহের শুরুতে তাঁদের বিক্ষোভ গাজীপুর, সাভার-আশুলিয়া ও রাজধানীর মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনের মধ্যে গত রোববার সরকার গার্মেন্টস শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ থামেনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারার ক্ষমতাবলে ১৩৯ ধারায় নির্ধারিত দায়িত্ব পালনের জন্য বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, বোর্ডে পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালিকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেয়া হয়েছে।

ইত্তেফাক/এবিএস