আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।
এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মেডিক্যাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।
