বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে কোটি টাকা চাঁদা দাবি, আতঙ্কে বলিউড অভিনেতা আয়ুষ্মান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬

বলিউডের তারকারা একের পর একেকজন হুমকি পাচ্ছেন। সালমান খানের পর অনেক তারকাকেই হুমকি দেওয়া হয়েছে। এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হলো আয়ুষ্মান খুরানার নাম। 

এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেতার কাছে কোটি টাকা চাওয়া হয়েছে। হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলেও দাবি করেছে। একটি অডিও বার্তার মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতা ব্যক্তি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়টা এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা অডিও বার্তার কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বরের মিল খতিয়ে দেখছেন। পুলিশের অনুমান, কণ্ঠস্বরের তুলনা করেই ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুম্বাই পুলিশের জানিয়েছে, হুমকিদাতা ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির সত্যিই কোন যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আয়ুষ্মান খুরানা। এখন অবধি অভিনেতার তরফে কোন আনুষ্ঠানিক বিবৃতিও দেয়া হয়নি।

একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে নারাজ মুম্বাই পুলিশ। ঠিক কত টাকা তার কাছে দাবি করা হয়েছে, সে ব্যাপারেও জানায়নি পুলিশ।  এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বলিউডের আর এক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকি ফোন। তার কাছে ৫ কোটি রুপি দাবি করেছে হুমকিদাতা। ফোনের ওপারে লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। 

 

ইত্তেফাক/এনএ