বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে ‘কিং’ টিম। প্রকাশ করা হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির নতুন গান ‘তু মিল জায়ে’। গানটিতে অরিজিৎ সিং, ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও মধুবন্তী বাগচীর কণ্ঠ শোনা গেছে। মুক্তির পর থেকেই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।
‘স্যাফায়ার’-এরপর আবারও অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। তবে এবারের গানটির পেছনে রয়েছে শাহরুখ খানের বিশেষ অনুরোধ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে গান তৈরির নেপথ্যের গল্প জানিয়েছেন এড শিরান নিজেই।
ভিডিওতে রেকর্ডিং স্টুডিওতে ‘তু মিল জায়ে’র হিন্দি অংশ গাইতে দেখা যায় এই ব্রিটিশ সংগীতশিল্পীকে। পাশাপাশি ভিডিওতে রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কিছু দৃশ্য। ভিডিওটি প্রকাশের পাশাপাশি শাহরুখের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্বের গল্পও তুলে ধরেছেন এড শিরান।
শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরে এড শিরান লিখেছেন, ‘শাহরুখ খানের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখনই তিনি বলেছিলেন, তার পরের ছবির জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর ধরে আমাদের মধ্যে পরিচয় আরও গভীর হয়েছে। আমি তাকে ভীষণ ভালোবাসি।’
গত বছর ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন এড শিরান। সেখানে বসে তার গান গাওয়ার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এবার সেই স্মৃতি সামনে এনে গায়ক জানিয়েছেন, ওই সফরেই ‘তু মিল জায়ে’ তৈরির সূত্রপাত হয়েছিল।
এ প্রসঙ্গে এড শিরান লেখেন, “গত বার ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলাম। আমার ও অরিজিৎ সিংয়ের ‘স্যাফায়ার’ গানের ভিডিয়োয় একটি ছোট্ট কিন্তু বিশেষ দৃশ্যে অভিনয় করার জন্য ওকে রাজি করাতে চেয়েছিলাম। ঠিক সেদিনের সেই বিশেষ দিনেই প্রখ্যাত সংগীত পরিচালক জুটি সচিন-জিগরের সঙ্গে আমার পরিচয় হয়। আর কাকতালীয়ভাবে ওই একই রাতে সচিন-জিগরের আসন্ন ছবি ‘কিং’-এর এই ‘তু মিল জায়ে’ গানটির আমার অংশটি লিখি এবং রেকর্ড করি।
অরিজিৎ সিংয়ের সঙ্গে এড শিরানের ‘স্যাফায়ার’ গানটি দারুণ সাড়া ফেলেছিল। গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এমনকি অরিজিতের আমন্ত্রণে জিয়াগঞ্জেও গিয়েছিলেন ব্রিটিশ এই সংগীতশিল্পী। নতুন গানেও অরিজিতের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি।
এডের কথায়, ‘অরিজিৎ যে এই গানে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে, তাতে আমি খুব খুশি। আমার সব প্রিয় মানুষ একসঙ্গে একটি কাজের অংশ হয়েছে।’
গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশিত হয় ‘তু মিল যায়ে’। মুক্তির পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটি ছয় কোটি বার দেখা হয়েছে বলে জানা গেছে। শুধু ইউটিউবেই প্রথম দিনে গানটি পেয়েছে ৩ কোটি ৬৩ লাখের বেশি দর্শন এবং ৪ লাখ ৩০ হাজারের বেশি পছন্দ।
এর মধ্য দিয়ে শাহরুখেরই আরেক সিনেমা ‘জওয়ান’-এর জনপ্রিয় গান ‘জিন্দা বান্দা’র প্রথম ২৪ ঘণ্টার দর্শনসংখ্যার রেকর্ড ছাড়িয়ে গেছে ‘তু মিল যায়ে’। ফলে ভারতীয় চলচ্চিত্রের গানের জগতে নতুন রেকর্ড গড়েছে গানটি।
এদিকে শাহরুখের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও রাঘব জুয়াল। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাওয়ার কথা রানি মুখার্জি, কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোনকে।
সূত্র: আনন্দবাজার
