রাজশাহীর বাঘা উপজেলায় একটি পুরোনো বাড়িতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) থানা-পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে কারখানাটিতে কর্মরত সাতজনকে পাওয়া যায়। এ সময় ভেজাল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।
পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া বাজারের উত্তরে একটি পুরোনো বাড়িতে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। আজ বুধবার বিকেলে অভিযানের সময় সেখানে সাতজন শ্রমিক কর্মরত থাকলেও মালিক পক্ষের কেউ ছিলেন না। উপস্থিত সবাই শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকের পরে উপস্থিত শ্রমিকদের কাছ থেকে মুচলেকা ও এক লাখ টাকা জরিমানা নেওয়া হয়।
অভিযানের বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনি এক লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নকল ওষুধ তৈরির বিষয়টি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। তারা থানায় অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ায় বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে। উপজেলা প্রশাসনের অভিযানে কারখানাটির কার্যক্রম বন্ধ হলেও নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
