‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২৩:২২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পরও মার্কিন প্রশাসনিক ক্ষমতার অবস্থান স্পষ্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে হোয়াইট হাউস।

বুধবার সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই বার্তায় নাগরিকদের স্মরণ করিয়ে দিয়ে লেখা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট।’

বার্তার সঙ্গে ওভাল অফিসের একটি ছবিও প্রকাশ করা হয়। ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী ‘রেজল্যুট ডেস্ক’-এর ওপর ঝুঁকে গভীর মনোযোগে কাজ করতে দেখা যায়। নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রেক্ষাপটে প্রশাসনিক কর্তৃত্ব যে বহাল রয়েছে, তা তুলে ধরতেই এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশার চেয়ে ভালো ফলের পর সকালে প্রথম প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিক্রিয়ায় তিনি স্বীকার করেন যে বিরোধী ডেমোক্র্যাটরা নির্বাচনে ‘ভালো করেছে’। তবে নিজ দল রিপাবলিকান পার্টির এই অপ্রত্যাশিত ফলাফলের কোনো দায় নিজের কাঁধে নিতে তিনি সরাসরি অস্বীকৃতি জানান।

রিপাবলিকানদের হতাশাজনক ফলাফলের জন্য প্রার্থীর ব্যক্তিগত প্রচারণাকে ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেন, এই নির্বাচনে ব্যালট পেপারে সরাসরি তাঁর নাম থাকলে ফলাফল পুরোপুরি ভিন্ন হতে পারত এবং রিপাবলিকান প্রার্থীরা আরও অনেক ভালো ফল করতেন।

ইত্তেফাক/এনএন