ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তবে সঙ্গে আটক হওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে আটক করে নিয়ে আসে ডিবি। পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়।

আটকের বিষয়ে বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁদের নিরাপদে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরবর্তীতে মধ্যরাতে ডিবির অতিরিক্ত কমিশনার নিশ্চিত করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় ইকবাল সোবহান চৌধুরী এজাহারভুক্ত আসামি। সেই মামলাতেই তাঁকে চূড়ান্তভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে একই সময়ে আনা সাংবাদিক রাজীব ঘোষের বিষয়ে তিনি জানান, তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এনএন