সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরব এবং সিরিয়া দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই চুক্তি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল তাদের দ্বিতীয় সাক্ষাৎ।

চুক্তির বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সিরিয়া সতর্কতার সঙ্গে বিবেচনা করছিল বলে গত মাসে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছিল।

চুক্তি প্রসঙ্গে একজন সিরীয় কূটনীতিক সে সময় বলেছিলেন, ‘সামরিক সহযোগিতা বা দক্ষতা বিনিময়ের যেকোনো অনুরোধ কেবল অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে এবং আমাদের দুটি ভাইপ্রতিম দেশের সম্পর্ক পরিচালনাকারী দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোর মধ্যেই করা হবে।’

শারা-এর রিয়াদ সফরকালে উভয় দেশ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদের পতনের পর বিশ্বশক্তিগুলোর সঙ্গে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে আসছে সৌদি আরব এবং সিরিয়াকে আর্থিক সহায়তা প্রদান করছে।

সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন ও সেবা খাতগুলোকে সহায়তা করতে ৪০ কোটি ৩ লাখ ডলারের বেশি মূল্যের রেয়াতি উন্নয়ন ঋণ প্রদানের জন্য সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট আজ সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইত্তেফাক/টিএইচ