মার্কিন নির্বাচনের পর আশার আলো দেখছেন ফিলিস্তিনিরা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কিছু ফিলিস্তিনি নতুন আশা ব্যক্ত করেছেন। বুধবার (৪ নভেম্বর) আল জাজিরা লাইভে এই তথ্য জানানো হয়েছে।

রামাল্লার ৭১ বছর বয়সী বাসিন্দা হানি লাহরৌব জানান, ট্রাম্পের অধীনে ইসরায়েলের প্রতি মার্কিন নীতি ‘আমেরিকা ফার্স্ট নয়, বরং ইসরায়েল ফার্স্ট’ ছিল এবং তিনি আশা প্রকাশ করেন যে এখন এই নীতির পরিবর্তন ঘটবে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হানি লাহরৌব বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুটি নির্বাচনকে প্রভাবিত করার মতো অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে।’

অন্যান্য ফিলিস্তিনিরা আশা প্রকাশ করে বলেন, একটি নতুন কংগ্রেস ফিলিস্তিনি জনগণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিনিধি ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কূটনৈতিক অবস্থান পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।

রামাল্লার ৮০ বছর বয়সী বাসিন্দা সুলেইমান মালি আশা প্রকাশ করেছেন, পিএলও কূটনীতিকরা যুক্তরাষ্ট্রে ফিরে যেতে সক্ষম হবেন, কারণ ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কূটনীতিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ওয়াশিংটনে তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসকে সুলেইমান মালি বলেন, ‘আমরা এমন এক জাতি যারা বেঁচে থাকতে চায়।’

অ্যাসোসিয়েটেড প্রেস ভোটার পোল নামক একটি জরিপ অনুযায়ী, প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থনকারী প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় ৭ জন বলেছেন, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ‘অতিরিক্ত বেশি’।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ