গাজীপুরের কালীগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় বালুবোঝাই লরির ধাক্কায় মাসুদ সরকার (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত লরিটির চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বক্তারপুর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সরকার বক্তারপুর ইউনিয়নের ফুলদি দক্ষিণপাড়া (বাঙালির টেক) গ্রামের শামসুল সরকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হন মাসুদ সরকার। একপর্যায়ে তিনি বক্তারপুর মার্কেটের মোক্তাজুলের দোকানের সামনে বসেছিলেন। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবোঝাই লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাসুদের ওপর উঠে যায় এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে মোক্তাজুলের দোকানের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় মাসুদকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আতিকুল পাঠান জানান, লরির চালক গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলছিলেন—ঘটনার সময় প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা এমনটাই জানিয়েছেন। চালকের অসাবধানতার কারণেই এই করুণ পরিণতি ঘটেছে।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরটি বিষয়টি জেনেছি। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ঘাতক বাহন ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
