সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার কথা বলে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর কর্মসূচিটি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ পাওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ দাবি করলে তা না দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র প্রতারণার চেষ্টা চালাচ্ছে। চক্রটির সদস্যরা বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিতে ঋণ নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ অর্থ চাইলে তাতে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নাম ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের উদ্দেশ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।
কর্মসূচিটির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গেই বিতরণের কথা রয়েছে।
দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের শনাক্ত করে তাদের আর্থিক ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। গত ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত অর্থায়ন নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক পর্যায়ে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলার উদ্যোক্তাদের জন্যও আবেদন গ্রহণ শুরু হয়েছে।
