বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষতির বিষয়টি তুলে ধরে কপ-৩১ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি বাবদ অর্থ সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, লস অ্যান্ড ড্যামেজের অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ দাবি জোটবদ্ধভাবে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
