ইরানে ‘সংক্ষিপ্ত ও তীব্র’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২১:৫৫

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই বড় ধরনের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। সম্ভাব্য এ অভিযানকে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ করার পরিকল্পনা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডারকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে অভিযান শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ১২টির বেশি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার বিমান ও নৌসেনা মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবেই এ সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।

এদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, সেগুলোর কয়েকটি পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

তবে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্ভাব্য সামরিক প্রস্তুতির কথা উঠে এলেও ট্রাম্পের পক্ষ থেকে হামলার নির্দেশ দেওয়া হয়েছে কিংবা অভিযান শুরু হয়েছে—এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/এসজেএস