রাজনীতিতে সামান্তা শারমিনদের জায়গা আরও বড় হওয়া প্রয়োজন: তাসনিম জারা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২৩:১৩

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলার প্রশংসা করে তার মতো ব্যক্তিদের রাজনীতিতে জায়গা আরও বড় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিনের কাজের মূল্যায়ন করে তাসনিম জারা তার ফেসবুক পোস্টে লেখেন, রাজনীতিতে কথা বলার মানুষের অভাব না থাকলেও মানুষের কথা শোনার মানুষ খুবই বিরল। সামান্তা শারমিনকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, নিরলস পরিশ্রমের মধ্যেও কেউ কথা বলতে এলে তিনি থামেন এবং মনোযোগ দিয়ে পুরো কথা শোনেন। কখনোই অপর প্রান্তের মানুষকে বুঝতে দেন না যে তার তাড়া রয়েছে। মূলত মানুষের জীবনকে গভীরভাবে বুঝতে এবং তাদের পাশে দাঁড়াতেই তিনি মানুষের কাছে যান।

তিনি আরও উল্লেখ করেন, সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলা এখনো অনেক বাকি রয়েছে এবং দেশীয় রাজনীতিতে এমন ব্যক্তিত্বের উপস্থিতি আরও বিস্তৃত হওয়া উচিত।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বার্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান সামান্তা শারমিন। পদত্যাগের কারণ ও দলের সঙ্গে নিজের দূরত্বের পটভূমি তুলে ধরে তিনি জানান, প্রায় এক বছর আগে দলের জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন।

সেই প্রসঙ্গের উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো বিচারেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে রাজনৈতিক জোট করার খেসারত হিসেবে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য চুকাতে হবে বলে তিনি আগেই সতর্ক করেছিলেন।

ইত্তেফাক/এনএন