এইচএসসিতে শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শোকজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০

ঢাকা শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ না করা এমন ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানো ও বোর্ডের জরুরি সভায় উপস্থিত হওয়ার নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষকে নির্দিষ্ট কারণসহ আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে গত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ৩১ আগস্ট প্রকাশ করা হয়।

এতে অংশগ্রহণকারী ৯ হাজার ৩৯০ কলেজের ভেতর ২৯৩টির কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শতভাগ পাশ করেছে ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১০৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর ভেতর ১৯টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ এবং ২৬টি কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি।

 
ইত্তেফাক/এএম