চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর গাছ থেকে নিচে নামেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। একপর্যায়ে তাকে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া করেন স্থানীয়রা। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি।

পরে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো সম্ভব হয়নি। রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘এক যুবক চুরি করতে এসে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।

তিনি জানান, তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এনটিএম