৫ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২

সিলেট টেস্টের প্রথম দিনে দুই উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তবে দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরই মধ্য দিয়ে ৫ উইকেট পূর্ণ করেন হাসান। 

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশ জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। পর পর দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের।

তবে ঠিকই বিশপকে নিজের শিকার বানান হাসান। ২৫ বলে ২৩ রান করে আউট হন এই ক্যারিবীয়ান ব্যাটার। এই নিয়ে ১৯ টেস্টের ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম। 

সেইসঙ্গে ৫ উইকেট পাওয়ার তালিকায় হাসান এখন বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে। ৩৮ টেস্টে চারবার ৫ উইকেট পাওয়া শাহাদাৎ হোসেনকে ছাড়িয়ে গেছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ