পরীমণি কাণ্ডে শিবা শানু

শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০:১৩

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির এক সাংবাদিককে হেনস্তা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু।

তিনি বলেন, শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়। আমরা অবশ্যই এটার নিন্দা জানাই। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এমন ঘটনা শিল্পী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে বলেও উল্লেখ্য করেন শিবা শানু। তিনি বলেন, এ ধরনের ঘটনা সামাজিকভাবে আমাদের একটু ছোটই করে। শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমি চাই না আমার কোনো শিল্পী এমন কোনো পরিস্থিতির শিকার হোক বা এমন কোনো ঘটনার সাথে জড়িত হোক। শিল্পী হিসেবে আমি খুবই দুঃখিত এবং আমি চাই না। সাংবাদিক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই একসঙ্গে আগামীর দিনগুলোর পথ চলতে চাই।

প্রসঙ্গগত, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর অকারণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন রাজুর ওপর চড়াও হন এবং তার মোবাইল কেড়ে নেন।

এঘটনায় শুধু পরীমণির বিরুদ্ধে নয়, অভিযোগ উঠেছে আদালত প্রাঙ্গনে নায়িকার সঙ্গে থাকা বাউন্সার টিমের সদস্যদের বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের গায়ে হাত তোলা এবং সুজন চন্দ্র নামের একজন বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। 

ইত্তেফাক/এমএসআর